
মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতার উন্নতির জন্য দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে জাপানের জনগণের অর্থায়নে বাংলাদেশ মানুষের জন্য সুপেয় পানি প্রকল্পের আওতায় খুলনার কয়রায় উন্নত প্রযুক্তি ও উচ্চক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মান শেষে স্থানীয় প্রতিনিধির কাছে হস্তান্তর ও উদ্বোধন করা হয়েছে।
আজ ১০ই এপ্রিল সোমবার দুপুর দুইটায় উপজেলার বাগালি ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ভবনের চাবি ও মালামাল জাপানের ফুটুরিবুড ইন্টারন্যাশনাল কোঃ লিমিটেডের টেকনিক্যাল এ্যাডভাইসর মিঃ হিডিকি কাওয়াকামি, জপান সরকারের প্রতিনিধি মিঃ কাওয়া মাতু স্থানীয় বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী ও ভুমিদাতা এস.এম মনিরুল ইসলামের নিকট হস্তানন্তর করেন।
এ সময় কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কনসালটেন্ট মাহমুদুল হাসান আরমান, প্রকৌশলী মোঃ আজমল, ইউপি সচিব মোঃ ইকবাল হোসেন, মেকানিক মোঃ সাইফুল ইসলাম, আব্দুল গফুর, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদোক্তা মোঃ আকবার হোসেন অপারেটর রেজাউল করিম, নাজমুল সানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সিস্টেম (জেআইসিএস) কারিগরি সহাযোগিতায় ও জাপান সরকারের অর্থায়নে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে উন্নত প্রযুক্তি ও উচ্চক্ষমতার এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে। যার প্রতিঘণ্টায় ৪০০০ লিটার পানি শোধনের ক্ষমতা রয়েছে। যার ফলে এই ইউনিয়নের প্রায় বিশ হাজারের ও অধিক মানুষ নিরাপদ পানি পানের আওতায় আসবে। উপকূলীয় লবনাক্ততাপূর্ণ এই এলাকায় পানি পানের সুবিধা ছাড়াও পানিবাহিত রোগ কলেরা, টাইফায়েড, আমাশয় ইত্যাদি রোগ থেকে মুক্তিসহ সুপেয় পানির অভাব দূর হবে বলে সংশ্লিষ্ট সকলের আশাবাদ ।