
মো: তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তিকে মেরে ফেলার অভিযোগ করা হয়েছে। নিহতের নাম আব্দুল মান্নান(৫০)।
ঘটনাটি ঘটেছে, কলারোয়ার সীমান্তবর্তী দক্ষিণ ভাদিয়ালী গ্রামে। স্থানীয়রা জানান, উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আ: মান্নানের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ ক্রয়সূত্রে প্রাপ্য এক ব্যক্তির বিরোধ চলে আসছিলো। বুধবার(২৪ সেপ্টেম্বর) সকালে ওই ফসলি জমির সীমানাকে কেন্দ্র করে উভয় পক্ষের বিরোধে প্রতিপক্ষের হাফিজুল ঘটনাস্থলে আ: মান্নানকে লাঠি দিয়ে সজোরে আঘাত করে। উপর্যপরি লাঠির আঘাতে এক পর্যায়ে মান্নান জ্ঞান হারিয়ে ফেলে। পরে আঘাত প্রাপ্ত মান্নানকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করেন। বিষয়টি জানতে পেরে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বাপ্পি কুমার দাস জানান, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত নই। পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মানছুরা খাতুনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।