কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বঙ্গোপসাগরে নৌযান ডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার বিকেলে কক্সবাজার পশ্চিম কুতুবদিয়া পাড়া কুতুববাজার পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম।এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাগরে ভ্রমণের সময় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যদের বহনকারী একটি ফিশিং ট্রলার ডুবে যায়।নৌকাডুবির পর স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেন।পরে তাদের কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। তবে নিখোঁজ ছিলেন পরিবারের কিশোর সদস্য আলবার্ট।
পুলিশ জানায়, নিউজিল্যান্ডের নাগরিক ওই পরিবারের চার সদস্য নিজেদের তৈরি একটি নৌকা নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। এর আগে গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে তারা ডাকাতির শিকার হন।