Saturday, 29th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ
কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা ও পুলিশের জারি করা নোটিশ অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা এবং সেখানে ‘টেম্পোরারি অল টাইম’ ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে জমির সীমানার ঢালাই পিলার তুলে ফেলা, ঘেরাবেড়া ভাঙচুর, মালামাল নিয়ে যাওয়া এবং জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। এ ঘটনায় কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত শাকের আলী সানার ছেলে মো. আব্দুস ছালাম কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কালিগঞ্জ থানাধীন কুশুলিয়া মৌজায় তপশিলে বর্ণিত জমিটি অভিযোগকারীর খরিদা ও দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি। জমি নিয়ে বিরোধের জেরে তিনি সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা নং-১০৭২/২৬ (কালিঃ) দায়ের করেন।

অভিযোগকারীর দাবি, আদালতের নির্দেশনার পর কালিগঞ্জ থানা পুলিশ উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় নোটিশ জারি করে। এরপরও বিবাদীপক্ষ কয়েকদিন ধরে জমির ঘেরাবেড়া ভেঙে ফেলার হুমকি দিয়ে আসছিল।

অভিযোগে বলা হয়েছে, গত ২১ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে মৃত আছের আলী মোড়লের ছেলে আব্দুল হাই মোড়ল, তার স্ত্রী মোছা. রুমিয়া খাতুনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমিটি নিজেদের দাবি করে সীমানার ঢালাই পিলার তুলে ফেলেন এবং ঘেরাবেড়া ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

এ ছাড়া সীমানায় স্থাপিত ১৬টি ঢালাই পিলার, যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা, এবং বেড়ায় ব্যবহৃত জিআই তার, যার আনুমানিক মূল্য আরও ৮ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। গভীর রাতে অভিযুক্তদের কাছে দেশীয় অস্ত্র থাকায় স্থানীয় কেউ বাধা দেওয়ার সাহস পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, পরদিন সকাল আনুমানিক ৮টার দিকে তিনি ঘটনাটির কারণ জানতে অভিযুক্তদের কাছে গেলে তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আব্দুল হাই মোড়ল ও তার স্ত্রী মোছা. রুমিয়া খাতুনকে অভিযুক্ত করা হয়েছে। তারা উভয়ে পশ্চিম কালিকাপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযোগে আসামি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আব্দুল হাই মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত প্রয়োজনীয় সব কাগজপত্র তার কাছে রয়েছে। তবে ‘টেম্পোরারি অল টাইম’ ঘর নির্মাণের অভিযোগের বিষয়ে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি। ভাঙচুর ও পিলার নিয়ে যাওয়ার অভিযোগ সম্পর্কেও বিস্তারিত বক্তব্য না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদালতের জারি করা নোটিশ উভয় পক্ষকে দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বিরোধপূর্ণ সম্পত্তিটি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কুশুলিয়া মৌজায় অবস্থিত। অভিযোগকারীর দাবি, সম্পত্তিটি এসএ খতিয়ান নং-৪৫৯, ৪৬৬, ৪৬৪ ও ৫১১, এসএ খারিজ মতে খারিজ ২০০২ ও ২৩২২ নং খতিয়ান, আরএস ১/১ নং খতিয়ান এবং পরবর্তীতে নিজ খারিজ ১১৫৬ নং খতিয়ানে লিপিবদ্ধ রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।