
এ টি এম মাহফুজ, যবিপ্রবি প্রতিনিধিঃ
২০২০-২১ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য করোনাকালীন মহামারী মূহুর্তে যাতায়াত ভোগান্তি ও অতিরিক্ত গাড়ি ভাড়া সমস্যার কথা বিবেচনা করে প্রথমবারের মতো শাটল বাস সার্ভিস সুবিধা চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন প্রশাসক দপ্তর।
আজ (১৬ই সেপ্টেম্বর) শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামীকাল(১৭ ই অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে যশোর শহরের পালবাড়ি থেকে টগর, শিমুল, চামেলী ও নবগঙ্গা এবং চূড়ামণকাঠি থেকে কামেলী ও শাপলা অনবরত সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বাস সার্ভিস চালু থাকার কথা বলা হয়।
শাটল বাস সুবিধার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব পরীক্ষার্থীদেরকে পরামর্শ দিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, যেহেতু সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাস সার্ভিস চালু থাকবে সুতরাং এ সময়ের ভিতরেই বাসে করে ক্যাম্পাসে চলে আসার চেষ্টা করতে হবে। ঠিক বারোটায় পরীক্ষা শুরু এবং কমপক্ষে দশ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে তাই কোন পরীক্ষার্থীর জন্য একেবারে সাড়ে এগারোটা পর্যন্ত বাসের জন্য অপেক্ষা করা উচিত হবে না।
উল্লেখ্য, প্রথমবারের মত শাটল বাস সার্ভিস চালু করায় উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছে পরীক্ষার্থী, অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলেরা।