
নতুন সূর্য ডেস্কঃ
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান মওলানা ভাসানী’র মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু করেন।
পরে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং বিভিন্ন হলের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মওলানা ভাসানী’র পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন।
স্থানীয় প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে পৃথক কর্মসূচি নিয়েছে।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও মওলানা ভাসানী তাঁর জীবনের সিংহভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন।
১৯৭৬ সালের ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত হন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।