মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভোট না দেওয়ায় টিউবওয়েল তুলে নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান
ভোট না দেওয়ায় টিউবওয়েল তুলে নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান

ভোট না দেওয়ায় টিউবওয়েল তুলে নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান

নতুন সূর্য ডেস্কঃ

নীলফামারী জেলার জলঢাকায় ভোট না দেওয়ার অপরাধে গুচ্ছগ্রাম থেকে অনুদানের টিউবওয়েল তুলে নিয়ে গেছেন নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল। তিনি গত ২৮ নভেম্বর নৌকা প্রতিক নিয়ে জয়ী হন।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদে নিয়োজিত চৌকিদারদের পাঠিয়ে টিউবওয়েলটি তুলে নিয়ে আসেন চেয়ারম্যান। উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার-সংলগ্ন গুচ্ছগ্রামের দবির উদ্দিনের বাড়িতে এই টিউবওয়েল বসানো ছিল।

সরেজমিনে জানা গেছে, সদ্য নির্বাচিত চেয়ারম্যান মুকুলের সুপারিশে প্রায় ৮ মাস আগে ওই অনুদানের টিউবওয়েলটি উপজেলা থেকে পেয়েছিলেন গুচ্ছগ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে দবির উদ্দিন। গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকুলকে ভোট না দিয়ে প্রতিপক্ষ লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান খোকনের পক্ষে নির্বাচন করার অপরাধে গ্রাম পুলিশদের দিয়ে এই কাজ করান তিনি।

দবির উদ্দিন বলেন, আমি দীর্ঘকাল ধরে মুকুল চেয়ারম্যানের সমর্থক ছিলাম। তার গত নির্বাচনগুলোয় আমার ভূমিকা ছিল। আমার বাড়িতে টিউবওয়েল না থাকায় তার সুপারিশে পানি খাওয়ার জন্য একটি টিউবওয়েল পেয়েছিলাম উপজেলা থেকে।

তিনি আরও বলেন, গেল নির্বাচনের আগে তার আচরণগুলো ভালো ছিল না। সে জন্য আমি তার প্রতিপক্ষ রোকনুজ্জামান খোকনের লাঙ্গল মার্কায় ভোট করি আর সেই অপরাধে আজ উনি আমার বাড়িতে তিনজন গ্রাম পুলিশ পাঠিয়ে টিউবওয়েলটি তুলে নিয়ে যান। টিউবওয়েলটি নিয়ে যাওয়ায় পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে এখন বিপাকে আছি।

এলাকার বাসিন্দা আতিয়ার রহমান বলেন, আমরা গরিব মানুষ। তাই বলে কি আমাদের নিয়ে যা খুশি তা-ই করবে ওরা? একজন চেয়ারম্যান মানুষের এমন স্বভাব মেনে নেওয়ার মতো না।

গ্রাম পুলিশ রশিদুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমাকে টিউবওয়েলটি নিয়ে আসতে বলেছেন। তাই আমরা দবিরের বাড়ি থেকে টিউবওয়েল নিয়ে এসেছি।

এ বিষয়ে সাইফুল ইসলাম মুকুল বলেন, আমার ব্যক্তিগত ফান্ড থেকে এ টিউবওয়েল দিয়েছি। আমার ইচ্ছায় আবার নিয়ে এসেছি।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, এ ঘটনা আমি শুনেছি, তবে অভিযোগ পাইনি এখনো। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।