
এ টি এম মাহফুজ,যবিপ্রবি প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ (১২ ডিসেম্বর) রবিবার যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে।
গত ০৪ ডিসেম্বর যবিপ্রবি শিক্ষক সমিতি ( যবিপ্রবিশিস) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শিক্ষক নেতারা। ইতিমধ্যে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ।
পদ প্রত্যাশী শিক্ষকদের মধ্যে থেকে নির্বাচিত হবেন ১১ জন। এর মধ্যে সদস্যপদে ৫ জন ও বাকি ৬ পদে একজন করে নির্বাচিত হবেন। তবে এরই মধ্যে ৫ জন সদস্য ও ২ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৪ টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উক্ত নির্বাচনে সভাপতি পদে ড. সেলিনা আক্তার ও অধ্যাপক ড. সাইবুর রহমান ম্যোল্লা প্রতিদ্বন্দ্বীতা করবেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ড. ইমরান খান ও ড. মো: আশরাফুজ্জামান জাহিদ।
এছাড়া সহ-সভাপতি পদে অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব ও অধ্যাপক ড. সুব্রত মন্ডল, সহ – সাধারণ সম্পাদক পদে ড. সুজন চৌধুরী ও ড. মো: হাফিজ উদ্দিন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ ড. মো: কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ শাহিন সরকার। সদস্য পদে ড. এ এস এম মুজাহিদুল হক ,আমজেদ হোসেন ড. ইঞ্জি, তাসমিয়া ইসলাম, শুভাশীষ দাস শুভ ও মোঃ তুহিনুর রহমান জয়।