
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় স্ত্রী শ্রিপ্রা ঘোষকে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম জি আযম এ রায় ঘোষণা করেন।
মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি কার্তিক ঘোষ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ মে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের কারণে স্বামী কার্তিক ঘোষসহ তার মা ও বোনেদের বিরুদ্ধে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা খুলনার নমিতা ঘোষ পরের দিন পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাটকেলঘাটা থানার তৎকালীন এসআই নাসিরউদ্দীন কার্তিক ঘোষ, মা যুথিকা ঘোষ, বোন চায়না ঘোষ, সুন্দরী ঘোষ, ভগ্নিপতি জয়দেব ঘোষ ও চাচাতো ভাই সুভাষ ঘোষকে আসামি করে ২০১০ সালের ১৩ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।
২০১১ সালের ২৫ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। আদালতে এ ঘটনায় ১৮ জন স্বাক্ষী সাক্ষ্য দেন। রায়ে আদালত কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। একই সময় অপর পাঁচ জনকে বেকসুর খালাস দেন।
মামলার বাদি নমিতা ঘোষ বলেন, ‘আমার মেয়েকে হত্যায় কার্তিকসহ ছয় জন জড়িত। অথচ ফাঁসির আদেশ হলো একজনের। এ রায়ে খুশি নই।
রাষ্ট্রপক্ষ এ মামলার আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হওয়ায় রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের কৌশলী এ্যাড. জহুরুল হায়দার বাবু।
এম/এইচ