শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
চাইলে এক রাতেই ইসি গঠনের আইন করা সম্ভব: প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে ওয়ার্কার্স পার্টি
চাইলে এক রাতেই ইসি গঠনের আইন করা সম্ভব: প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে ওয়ার্কার্স পার্টি

চাইলে এক রাতেই ইসি গঠনের আইন করা সম্ভব: প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে ওয়ার্কার্স পার্টি

নতুন সূর্য ডেস্ক:

নির্বাচন কমিশন গঠনের আগে সংবিধানের নির্দেশনা অনুসারে  আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, চাইলে এক রাতেই এ সংক্রান্ত আইন করা সম্ভব।

মঙ্গলবার বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে এই প্রস্তাব দেয়া হয়েছে দলটির তরফে। দলের সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

সংলাপ শেষে বেরিয়ে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান মেনন। তিনি বলেন, ইসি নিয়ে তিন দফা প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ হচ্ছে। এটা দুর্ভাগ্য যে একই বিষয় নিয়ে তিনবার আসতে হলো। রাশেদ খান মেনন বলেন, ২০১১ সালে ইসি গঠনে তারা আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন। ২০১৬ সালে একই প্রস্তাব দিয়েছেন।আজও সেই প্রস্তাবই পুনরায় দেয়া হয়েছে।

ইসি গঠনে আস্থাহীনতা দূর করতে হলে আইন করতেই হবে বলে অভিমত দেন রাশেদ খান মেনন। তিনি বলেন, প্রেসিডেন্টও মনে করেন, ইসি গঠনে আইন প্রণয়ন ফরজ হয়ে গেছে।
ইসি গঠনে আইন প্রণয়ের বিষয় আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের ঐকমত্য আছে’ জানিয়ে ওয়ার্কার্স পাটির সভাপতি বলেন,  প্রেসিডেন্ট উদ্যোগ নিতে পারেন। নাগরিক সমাজ, গণমাধ্যমের প্রতিনিধি ও বুদ্ধিজীবীদের মতামত নিতে পারেন। এ ছাড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদার আমলে আইনের একটি খসড়া তৈরি করাই আছে। ওই খসড়াটি ধরেই আইন প্রণয়ন সম্ভব। চাইলে এক রাতেই আইন করা সম্ভব।

আইনের বিষয়ে রাশেদ খান মেনন বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইনে একটি সাংবিধানিক কাউন্সিল রাখা যেতে পারে। এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে এই সাংবিধানিক কাউন্সিল হতে পারে। এই কাউন্সিল সিইসি ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য প্রেসিডেন্টের কাছে নাম প্রস্তাব করবে।

সার্চ কমিটি গঠনেও প্রস্তাব দিয়েছে ওয়ার্কার্স পার্টি। এতে তারা বলেছে, সার্চ কমিটি সাংবিধানিক পদাধিকারীদের নিয়ে গঠন করতে হবে। তারা সিইসি ও অন্য কমিশনারদের প্রতিটি পদের জন্য চারজন করে নাম প্রস্তাব করবে। এই তালিকা সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে বাছাই করে সেখান থেকে একটি সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি সিইসি ও অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।

ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, নুর আহমেদ বকুল, কামরুল আহসান, আলী আহমেদ এনামুল হক ও নজরুল ইসলাম হাক্কানী উপস্থিত ছিলেন

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।