
মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় আগামী ৫ জানুয়ারী ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা কলারোয়ার দুই ইউনিয়ন কেরেলকাতা ও কুশোডাঙ্গায় ১০৩ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পর থেকে শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
গত (২০ ডিসেম্বর) উপজেলার হল রুমে আনুষ্ঠানিকতা শেষে চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন৷ ইতিমধ্যে প্রার্থীদের সাদাকালো ছবিসহ প্রতীকের পোষ্টারের ছেয়ে গেছে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়৷
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায় চেয়ারম্যান পদে ৮নং কেরেলকাতা ইউনিয়ন থেকে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৩ জন, কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন ৮নং কেরেলকাতা ইউনিয়নের স.ম মোরশেদ আলী ভিপি ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের আসলামুল আলম আসলাম৷ দু’জনই চলমান ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ কেরেলকাতায় আনারস প্রতীক পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন উপজেলা বিএনপি প্রচার সম্পাদক সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক ও মোটরসাইকেল প্রতীক পেয়ে নৌকার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে লড়ছেন আ.লীগ নেতা সরদার আব্দুর রউফ৷
অপরদিকে ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৪ জন, নৌকা প্রতীকের বর্তমান ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন নৌকার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ.লীগ নেতা সাঈদ আলী গাজী , চশমা প্রতীক বরাদ্দ পেয়েছেন কুশোডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান, আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা জিয়াউল ইসলাম৷
কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা দুইটি ইউনিয়নের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে চেয়ারম্যান পদে ৩জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০জন এবং কুশোডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে ৪জন, ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩১জনসহ দুইটি ইউনিয়ন থেকে ১০১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে।
নির্বাচন কর্মকর্তা আরও জানান, ‘কেরালকাতা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৭১২জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৯৩৭ ও মহিলা ভোটার ৮হাজার ৭৭৫জন। ৯টি কেন্দ্রে ৪৭টি কক্ষের ভোট গ্রহণ হবে । আর কুশোডাঙ্গায় মোট ভোটার সংখ্যা ১৪হাজার ২৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬হাজার ৯৬৪ ও মহিলা ভোটার ৭হাজার ৬৩জন। এখানে ৯টি ভোটকেন্দ্রে কক্ষের সংখ্যা ৩৯টি।
কেরেলকাতা ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি জানায়, তৃতীয় মেয়াদে এলাকার মানুষের ভালোবাসায় নিরপেক্ষ ভোটাধিকারে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হয়ে শেখ হাসিনার আস্থা অর্জন করে এলাকার উন্নয়নে কাজ করতে চান।
কুশোডাঙ্গা নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আসলামুল আলম আসলাম জানায়, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন ঘটাতে ইউনিয়নের ভোটাররা অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন৷