
স্টাফ রিপোর্টারঃ জানুয়ারি ৯, ২০২২।
সাতক্ষীরা কলারোয়ায় সম্প্রতি ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক দুজন পুলিশের কাছে একই পদ্ধতিতে পূর্ববর্তী ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তা ছাড়া ছিনতাই হওয়া টাকার কিছু টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ। যা ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
থানার উপ-পরিদর্শক (এসআই) সোহারব হোসেন জানান, ছিনতাইয়ের অভিযোগে আটক হওয়া দুই ভাই শাওন আহমেদ ও গোলাম রসুলের সঙ্গে থাকা আরেক ছিনতাইকারী শ্বেতা গ্রামের কবির হোসেন। যিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ছিনতাইয়ের সব টাকা কবিরের কাছে রয়েছে। তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, ছিনতাইকারী চক্রের পলাতক অপর সদস্যকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক হওয়া ছিনতাইকারীদের কাছ থেকে প্রথম ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ী বাবলু হোসেনের ২ লাখ ২০ হাজার ৭১৫ টাকার মধ্যে ৯ হাজার টাকা ও ঝাঁপাঘাট এলাকায় ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ী মিন্টু হোসেনের ১ লাখ ৭ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, এরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। যশোরের বাঘারপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় মাইক্রো সহ আটক হয় এদের আরো চারজন জন সদস্য। তারা বর্তমানে যশোর জেলে আছে। যশোরে দেশে আটককারী ছিনতাইকারীরা হলেন,১.কামরুল মেম্বার ২.দেলোয়ার ৩.কুদ্দুস. ফাহিম।
এ ছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল দুইটি মোবাইল নকল ওয়াকিটকি,চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থ ও মালামাল আদালতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হবে। বাকি টাকা উদ্ধার ও আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।