
তরিকুল ইসলাম,ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সাতক্ষীরা-১ ( তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বিএম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএম নজরুল ইসলাম সাতক্ষীরা কলারোয়া পৌর সদরের মৃত. রাজাউল্লাহ্ বিশ্বাসের ছেলে। তিনি কলারোয়া উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে টানা ৩৭ বছর দায়িত্বপালন করেন। শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন।
নজরুল ইসলাম ১৯৯৯ সালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, ২০০৯-১৪ সাল পর্যন্ত কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন।
কলারোয়া উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ব্যাংকক থেকে ৪০ দিন চিকিৎসা নিয়ে ১৫ দিন আগে বাড়িতে ফেরেন বিএম নজরুল ইসলাম। তার ওপেন হার্ট সার্জারী করা ছিল। গত মঙ্গলবার (৫ এপ্রিল) আকষ্মিক অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান।
সেখানে বুধবার (৬ এপ্রিল) তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আগামীকাল শুক্রবার সকালে কলারোয়া বলফিল্ডে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।