
মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ
ঈদের কেনাকাটায় শার্শার বাগআঁচড়া বাজারের বিপণী বিতানগুলো বেশ জমে উঠেছে। মহামারী করোনা ভাইরাস সহ নানা প্রতিকুলতায় দু’বছর ‘ব্যবসায়ীরা লোকসানের পর এবার ভালো ব্যবসার আশায় নতুন নতুন ডিজাইনের বাহারী পোশাকে বিপনী বিতানগুলো সাজানো হয়েছে।
বাগআঁচড়ার নিউ মার্কেট, আঁখি টাওয়ার, সুফিয়া প্লাজা, বাবু মার্কেটের শপিংমল সহ ফুটপাতের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীরা বলছেন, এবারের ঈদে বাজার মাতাচ্ছে নতুন কালেকশন কাঁচা বাদাম, পুস্পা, সারারা, জারারা ও রেডি শাড়ি।
ক্রেতারা বলছেন, তুলনামূলকভাবে এবার সকল পোষাকের দাম বাড়লেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। সুমনা নামে একজন ক্রেতা বলেন, ইচ্ছে করেই বাচ্চাদের সংগে আনিছি। তাদের পছন্দ মতো পোশাক কেনার জন্য। প্রতি বছর রোজার শুরুতেই কেনাকাটা করে ফেলি। তবে এবার একটু দেরি হয়ে গেল। সব ধরনের কাপড়ের দাম গেল বছরের চাইতে এবার একটু বেশি চাওয়া হচ্ছে। বাগআঁচড়া বাজারে কেনাকাটার সময় কথা হয় আফরোজা আক্তারের সাথে। প্রচন্ড গরমে ঘুরতে অস্বস্তি বোধ করছেন তিনি। সাথে থাকা দুই ছেলেকে নিয়ে একেবারে ঘেমে গেছেন। তিনি বলেন, বড় ছেলের শার্ট ও প্যান্ট কিনেছি।ছোট্টার পছন্দ হচ্ছে না। তাই এ দোকান ওদোকান ঘুরে বেড়াচ্ছি। এবারের ঈদ বাজারে ক্রেতাদের জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, টি-শার্ট, শর্ট-শার্ট, পাঞ্জাবি ও থ্রি-পিসের চাহিদা রয়েছে প্রচুর।
বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, লেহেঙ্গা, বুটিকস, চোষা, আড়ং, জিপসি, দেশীয় সুতি থ্রি-পিস, ভারতীয় থ্রী পিস, সারারা-জারারা এবারের মূল আকর্ষণ। বাগআঁচড়া বাজারের কাপুড়িয়া পট্রির সোহাগ বস্ত্রালয়’ এর মালিক আব্দুর রহমান বলেন, এবারের ঈদ বাজারে কাঁচা বাদাম থ্রী পিসের ব্যাপক চাহিদা রয়েছে। সবাই এসে নতুন পোষাক খোঁজে। কাঁচা বাদাম, সারারা, জারারা নতুন পোষাক হওয়ায় এগুলোর চাহিদা ও বেচাবিক্রিও বেশ ভালো হচ্ছে। কাঁচা বাদাম থ্রি পিস ও ফতুয়ার প্রিন্ট প্রায় কাছাকাছি। এসব কাপড়ের বেশিরভাগ জুড়েই বাদামের ছবি স্ক্রিনপ্রিন্ট করা।
এদিকে ফুটপাতের দোকানগুলোতেও কেনাকাটা জমে উঠেছে। মূল্য নাগালের মধ্যে থাকায় স্বল্প আয়ের মানুষগুলো ঈদের কেনাকাটা সারছে এ দোকান গুলোতেই। ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং ক্রেতাদের বাড়তি নিরাপত্তা দিতে বাগআঁচড়া বাজারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান শার্শা নাভারণ সার্কেলের প্রধান সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান