
বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার নতুন চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের উদ্বোধন করেন।
নির্বাচিত বেসরকারি মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক এই ভবন নির্মান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান ও সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. বজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ বলেন,সুন্দর দেশ ও জাতি গঠনে শিক্ষিত মানুষের যেমন দরকার তেমনি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষাক্রম ও নানান পদক্ষেপ গ্রহণ করেছে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের ফলে বিএনপি-জামাতের প্রোপাগান্ডা মিথ্যাচারে প্রমাণিত হয়েছে। বৈশ্বিক করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে।’
সিনিয়র শিক্ষক শেখ শাহজাহান আলী শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জায়েদ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব হোসেন, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।