
মোঃ মিল্টন কবীর
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি স্বর্ণের বার সহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা । এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত চোরাকারবারির নাম হাসান আলী।সে যশোরের কেশবপুর উপজেলার চাদরা গ্রামের কফিলুদ্দিনের পুত্র ।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার ( ২৮ অক্টোবর) বিকাল পৌনে ৩ টার সময় বিজিবি কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের হাবিলদার নুরে আলমের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার কেঁড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা তালসারী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি স্বর্ণের বার ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ কুখ্যাত স্বর্ণ চোরাকারবারি হাসান আলীকে গ্রেফতার করা হয় ।
কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সীমান্তে চোরাচালান নির্মূলের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।