Thursday, 23rd July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে সরকারি কাজে বাঁধা: ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
কালিগঞ্জে সরকারি কাজে বাঁধা: ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড

কালিগঞ্জে সরকারি কাজে বাঁধা: ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি কাজে বাধা প্রদান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা একটি জমি-সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের বাসিন্দা মতিউর রহমান তার বাড়ির প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান ঘটনা স্থলে গিয়ে সরেজমিন তদন্ত করেন।

তদন্ত কালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শেখ শোকর আলী সরকারি কাজে বাধা প্রদান এবং পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে নিবৃত করার চেষ্টা করলেও তিনি আরও বেপরোয়া আচরণ করলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় শেখ শোকর আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর রহমানের বাড়ির মূল গেট বন্ধ করে পাকা প্রাচীর নির্মাণ করায় পরিবারটি দীর্ঘদিন ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিল। নিরুপায় হয়ে প্রশাসনের শরণাপন্ন হলে তদন্তের মাধ্যমে বিষয়টি আমলে নেওয়া হয় এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সময়োপযোগী এই উদ্যোগে ভুক্তভোগী পরিবার স্বস্তি পেয়েছে এবং সরকারি দায়িত্ব পালনে দৃঢ় অবস্থান নেওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।