Tuesday, 28th July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
শ্যামনগরে বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
শ্যামনগরে বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

শ্যামনগরে বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

তাপস কুমার ঘোষ:

সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ মাদক ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়। ধ্বংস করা মাদকদ্রব্যগুলো বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মাসুদুর রহমান, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এবং শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রায় ২০০ থেকে ২৫০ জন আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিভিন্ন বিওপি এবং ব্যাটালিয়ন সদর কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ৪১ জন আসামিকে আটক করা হয়। একই সময়ে মোট ৫১ কোটি ৮৫ লাখ ৭ হাজার ৫৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ছিল।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৪০৬ বোতল বিভিন্ন ধরনের মদ, ১৫ হাজার ৭৮টি ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ১৮ হাজার ৬৫৪ পিস ইয়াবা, ৭৫ হাজার ৭৬৬ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৩ দশমিক ৮১ কেজি গাঁজা, ২১ লাখ ৭৬ হাজার ২৫৭ পিস বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ, এক হাজার ৪৭০ পাতা সুখী বড়ি, ১৫ হাজার ৭৪৬ পিস বিভিন্ন প্রকার মাদকজাতীয় ট্যাবলেট এবং ১ কেজি হেরোইন। এছাড়া উচ্চমূল্যের মাদকের মধ্যে ১০০ মিলিলিটারের ৮ বোতল এলএসডি, ৫০ মিলিলিটারের ৬ বোতল এলএসডি এবং ২ দশমিক ৪০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ধ্বংস করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।