তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, নেতৃত্বের দক্ষতা, সৃজনশীল কর্মকাণ্ড ও মানবিক মূল্যবোধের স্বীকৃতিস্বরূপ আবারও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে সারাদেশে পরিচালিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়ার আওতায় তাকে কালিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
শিক্ষকতা পেশার পাশাপাশি শিক্ষা বিস্তার, সাহিত্যচর্চা, সাংবাদিকতা ও মানবসেবায় দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন গাজী মিজানুর রহমান। তার বহুমাত্রিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এবারের এ অর্জনকে দেখছেন সংশ্লিষ্টরা।
শিক্ষাক্ষেত্রে তার অর্জনের ধারাবাহিকতাও উল্লেখযোগ্য। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার তিনি কালিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে সাতক্ষীরা জেলা পর্যায়েও তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গাজী মিজানুর রহমান শিক্ষকতার পাশাপাশি একজন কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার মাধ্যমে সমাজ, মানুষ, প্রকৃতি ও জীবনের নানা বিষয় তুলে ধরছেন তিনি। শিক্ষার্থীদের মধ্যেও সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি আগ্রহ তৈরিতে তার ভূমিকা রয়েছে।
এছাড়া তিনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে শিক্ষা ও সামাজিক নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। শিক্ষকতা ও সাংবাদিকতার অভিজ্ঞতার সমন্বয়ে সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরছেন তিনি।
শিক্ষা ও সাহিত্যচর্চার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন গাজী মিজানুর রহমান। স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগে তিনি অংশ নিয়ে আসছেন। শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।
শিক্ষাক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচিতেও অংশ নিয়েছেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১৯ সালে নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেন গাজী মিজানুর রহমান। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান শিক্ষকতা ও বিদ্যালয় পরিচালনার কাজে প্রয়োগের চেষ্টা করে আসছেন তিনি।
ধারাবাহিকভাবে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়া তার কর্মজীবনের অর্জনে নতুন মাত্রা যোগ করেছে।
শিক্ষকতা, সাহিত্য, সাংবাদিকতা ও মানবসেবাকে সমন্বয় করে কাজ করে যাওয়ায় স্থানীয় পর্যায়ে গাজী মিজানুর রহমানের কর্মকাণ্ড একটি বহুমাত্রিক দৃষ্টান্ত তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। তাদের মতে, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাও শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা গাজী মিজানুর রহমানের আরও সাফল্য এবং শিক্ষা ও মানবসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা কামনা করেছেন।
