এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে নতুন ভবন নির্মাণের জন্য সয়েল টেস্ট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
জানা গেছে,সরকারের নীতিগত সিদ্ধান্তের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৭ তলা ভবন নির্মাণের লক্ষ্যে প্রাথমিকভাবে সয়েল টেস্টের কাজ শুরু করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সংসদ সদস্যের ডিও লেটারও ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধনকালে সাতক্ষীরার সিভিল সার্জন ডা.আঃ সালাম,গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আঃ ওয়াহিদ,উপ-সহকারী প্রকৌশলী শেখ মো.সার্জিল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নীতিশ গোলদার,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ (অব.) আঃ সবুর,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম হেদায়েতুল ইসলাম,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ,কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,এমপির পিএস শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
