
তথ্য ও প্রযুক্তি ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। খবর বাসস।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ধানমন্ডিতে গত ১৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া এতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এআই বিষয়ে প্রাথমিক ধারণা, সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে একটি মৌলিক প্রশিক্ষণ কোর্স দেওয়া হবে। এ কোর্সের জন্য কোনও প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। তবে উভয় পক্ষের সম্মতিতে নামমাত্র নিবন্ধন ফি নির্ধারণ করা হতে পারে।
সোর্স: বাংলা ট্রিবিউন।