Monday, 19th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি রবিউল বাশার
আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি রবিউল বাশার

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আশাশুনিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানে উপজেলার সাতজন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ১৫০টি পরিবারের মধ্যে একটি করে শাড়ি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন,ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে হবে।
তিনি আরও বলেন,আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন,সে জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ,সহমর্মিতা ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সম,বুধহাটা কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ,বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম,সংসদ সদস্যের পিএস শরিফুল ইসলাম,পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য,প্রভাষক রতন কুমার অধিকারী,আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।