
কালিগঞ্জ কৃষ্ণনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার একমাত্র নারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মৃত্যু কে. এম মোশাররফ হোসেন এর মেয়ে সাফিয়া পারভীন। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজ খবর নেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার রাতে কৃষ্ণনগর সার্বজনীন দুর্গামন্দিরে মহাষ্টমীর পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি দীপক কুমার হালদার এবং সঞ্চালনা করেন ডা. সুশান্ত কুমার ঘোষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুহুল কুদ্দুস, সাবেক শিক্ষক রফিকুল ইসলাম, মফিজুর ইসলাম, ব্যবসায়ী ফিরোজ গাজীসহ মন্দির কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপস্থিতি, পূজার্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মহাষ্টমীর দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের সমাগম ঘটে। পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে মন্দির গুলোতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার গুরুত্বও উঠে আসে এ আয়োজনে।
উল্লেখ্য, সাফিয়া পারভীন সাতক্ষীরা জেলার একমাত্র নারী চেয়ারম্যান হিসেবে পরিচিত। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাঁর এ মন্দির পরিদর্শন শারদীয় দুর্গোৎসবের আনন্দে স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।