
ডেক্স নিউজ:
চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট সমাধান ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণসহ ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে তারা এ কর্মবিরতি পালন করছেন।
আন্দোলনরত চিকিৎসকরা জানান, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে তারা প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘটিত হুমকির মুখে পড়ছেন। এ ছাড়া হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ফলে সীমিত জনবল ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ছাড়া সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানান, বেলা ১১টার পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও হাসপাতালে কর্মরত স্থায়ী চিকিৎসকরা যথাসাধ্য পরিস্থিতি সামাল দিচ্ছেন এবং রোগীদের চিকিৎসা সেবায় কোনো ছেদ পড়েনি।