মোঃ জাহাঙ্গীর হোসেন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজে ঘেরা কলারোয়া গড়ে তোলার প্রত্যয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৪০০টি কাঠবাদাম গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল চয়ন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বামনখালী এলাকা থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সড়ক ও এলাকায় এসব গাছ রোপণ করা হবে বলে আয়োজকরা জানান।
এ উদ্যোগের মূল লক্ষ্য হলো উপজেলার সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা। গাছগুলো বেড়ে উঠলে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন তারা।
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। পরিকল্পিতভাবে গাছ লাগানো ও সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে কলারোয়ার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ৪০০টি কাঠবাদাম গাছ রোপণের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।
