স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোজাম্মেল মিস্ত্রী হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই সিলেট জেলার সহযোগিতায় সিলেট মহানগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামের মো. ইস্রাফিল মিস্ত্রীর ছেলে জিসান হোসেন ওরফে বিজয় বাবু ওরফে জিহান (২৪) এবং একই গ্রামের মো. ওমর ফারুকের ছেলে আবুজার গিফারি (২২)।
পিবিআই সাতক্ষীরা জেলা সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মোজাম্মেল মিস্ত্রী শ্যামনগর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গোপালপুর ব্রিজের ওপর পৌঁছালে পূর্ববিরোধের জেরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ অক্টোবর বিকেল ৫টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে তোজাম্মেল হোসেন বাদী হয়ে ২০ অক্টোবর শ্যামনগর থানায় ছয়জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি পিবিআইয়ের তদন্তের আওতাভুক্ত হলে পিবিআই হেডকোয়ার্টার্সের সিদ্ধান্তে সাতক্ষীরা জেলা পিবিআই তদন্তভার গ্রহণ করে।
পিবিআই খুলনা জেলার পুলিশ সুপার এবং সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেশমা শারমিন এঁর তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. তুহিন গাজী তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করেন।
পরে পিবিআই সাতক্ষীরার একটি দল সিলেট মহানগরী এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পিবিআই।
