স্টাফ রিপোর্টার:
খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভোম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহা।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাবিনা খাতুন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ।
ফুলতলা উপজেলার গ্রাম আদালতের ইউনিয়ন ভিত্তিক মামলার তথ্য ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাবিনা খাতুন।
সভায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ, দ্রুত নিষ্পত্তি, নিষ্পত্তিকৃত মামলার নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা জোরদার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ।
