
১০ মুহাররম পবিত্র আশুরার দিনে রোজা পালনের ফজিলত নিয়ে হযরত রাসুল কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বলেন, আশুরার দিন রোজা রাখার কারণে আল্লাহ তায়ালা বান্দার বিগত এক বছরের গুনাহসমূহ মাফ করে দেন। (মুসলিম শরীফ – ১১৬২)।
বিখ্যাত হাদিস বিশারদ হযরত হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.), হজরত ইবনে আব্বাস (রা.)- এর বর্ণনা উল্লেখ করেছেন, হযরত রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বলেন, তোমরা আশুরার দিন রোজা রাখ, তবে এতে যেন ইহুদিদের সাথে সামঞ্জস্য বা একই রকম না হয়। সেজন্য এর সাথে মিলিয়ে আরেকটি রোজা হয় আগের দিন কিংবা পরের দিনসহ রোজা পালন কর। (তিরমিজি শরীফ – ৭৫৫)। (উল্লেখ্য যে, ইহুদীরা আশুরার দিন একটি রোজা রাখতো)
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, হযরত রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বলেন, তোমরা মুহাররমের নবম ও দশম দিবসে রোজা রাখ। (তিরমিজি শরীফ- ৭৫৫)।
আরেকটি হাদিসে হযরত রাসুল করিম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বলেন, আমি যদি আগামি বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে মুহাররম মাসের নয় তারিখের রোজাও পালন করব। (মুসলিম শরীফ – ১১৩৪)।
অর্থাৎ নবীজী ছাল্লাল্লাহ আলাইহি ওয়া ছাল্লাম এর আদেশ হলো, আগের দিন ৯ মুহাররম বা ১০ মুহাররমের পরের দিনের সঙ্গে ১১ মুহাররম মিলিয়ে মোট ২ দিন রোজা রাখা।
দুটি রোজা রাখতে হবে – ৯ ও ১০ মুহাররম বা ১০ ও ১১ মুহাররমের দিন।
বাংলাদেশে ২০ অগাস্ট আশুরার দিন, তাই আজ ১৮ অগাস্ট ২০২১ বুধবার রাতে সাহরি খেয়ে আগামীকাল ১৯ অগাস্ট ও পরশুদিন ২০ অগাস্ট রোজা রাখতে হবে বা ২০ ও ২১ অগাস্ট।
মহান আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র আশুরা উপলক্ষে ফজিলতপূর্ণ উক্ত আমল করার তাওফিক দান করুন এবং আমাদের সবাইকে ভাল রাখুন সুস্থ রাখুন, আমিন, আমিন, ছুম্মা আমিন।
প্রভাষক আসাদুজ্জামান ফারুকী
সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসা,শার্শা,যশোর