
শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তফসিল ঘোষনার পরেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছিলেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন পর্যায়ের আট জন নেতাকর্মী কচুয়া উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছিলেন। তবে কে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাচ্ছেন এই নিয়ে নেতাকর্মীদের মাঝে জল্পনা কল্পনা চলছিল। কচুয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বুধবার সকালে এই আবেদন গুলো দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় মনোনয়ন চাওয়া প্রার্থীরা হচ্ছেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, বাগেরহাট জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মনিরুজ্জামান ঝুমুর, কচুয়া উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান এস.এম মাহফুজুর রহমানের স্ত্রী রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা বেগম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নওরেশুজ্জামান লালন, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এস এম নাছির উদ্দিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা সরোয়ার।
প্রত্যেকেই দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে, প্রার্থীরা জানিয়েছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই মেনে নেবেন তারা।
আজ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কচুয়া উপজেলা পরিষদের উপ- নির্বাচনের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমা সরোয়ার।
১১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গনভবনে বাংলাদেশ আওয়ামীলীগ এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় কচুয়া উপজেলা পরিষদের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমা সরোয়ারের নাম ঘোষনা করে।
এর আগে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মাহাফুজুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য থাকায় উপজেলা পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে সংবিধান অনুযায়ী উপ-নির্বাচনের জন্য তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন।