
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গায় খাস জমি ডিসিআর দেওয়ার নাম করে এক অসহায় ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে হেলাতলা গ্রামের আওয়ামীলীগ নেতা সরদার আনছার আলী।পরবর্তীতে ডিসিআর দিতে না পারায় বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করছে অসহায় ব্যক্তি ও তাঁর পরিবারকে।
আজ(২৬ অক্টোবর) মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ঘটনার বর্ণনা দেন কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের শেখ নুরুল হকের ছেলে শেখ ইসরাইল হোসেন।
তিনি বলেন, আমি একজন গরীব, অসহায় এবং প্রকৃতপক্ষে ভূমিহীন। একটি সরকারি খাস জমিতে বসবাস করছি। উক্ত খাস জমির ডিসিআর নেওয়ার জন্য আমি সরদার আনছার আলীর নিকট দীর্ঘ ০২ (দুই) বছর পূর্বে ৫৯,০০০/- (ঊনষাট হাজার) টাকা প্রদান করি। ০২ বছরের মধ্যে সে আমাকে উক্ত খাস জমির ডিসিআর দিতে ব্যর্থ হয়। আমি তাঁর নিকট উক্ত টাকা চাইতে গেলে সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে তালবাহানা করে। জোরপূর্বক তার কাছে টাকা চাইলে সে আমাকে বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে। আমি একজন গরীব ও অসহায় মানুষ। কোন উপায় না পেয়ে আপনাদের স্বরাপন্ন হয়েছি এবং আপনাদের লেখনির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী,সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার,কলারোয়া উপজেলা প্রশাসন, কলারোয়া থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করছি।