
শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ শপথ বাক্য পাঠ করান বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল সহ বাগেরহাটের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এসময়ে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে চেয়ারম্যানবৃন্দ জেলা প্রশাসকের নিকট চুক্তিপত্র জমা দেন। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে আজ বাগেরহাটের ৯ উপজেলার ৭৫ ইউনিয়নের মধ্যে ৬৬ জন চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন। এর মধ্যে দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণদের স্ব স্ব ইউনিয়নে দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকলো না।
উল্লেখ্য,আগামী ২ নভেম্বর ২টি, ১১ নভেম্বর ৫টি ও ২০ নভেম্বর ১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য এর আগে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারের সকল কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব পালনের আহবান জানান।