
যবিপ্রবি প্রতিনিধিঃ
কমিটি বিলুপ্ত হয়ে নতুন কমিটি গঠনের নিমিত্তে প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়ার ২৫ মাস পেরিয়ে গেলেও কমিটির দেখা পায়নি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ। এদিকে শাখা ছাত্রলীগের কমিটি না থাকায় ক্যাম্পাসে রাজনৈতিক স্থবিরতা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি বেড়ে গিয়েছে এবং স্বাধীনতাবিরোধী অপতৎপরতাও বেড়েছে বহুগুণ। পদে পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্চনা ও বিড়ম্বনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা।
আর আসন্ন কমিটির শীর্ষ পদে আসীন হওয়ার জন্য শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের তোড়জোড়, দৌড়ঝাপ চলছে বহু আগে থেকেই। শীর্ষ পদপ্রত্যাশীরা লিংক-লবিং, তদবীর আর এলাকাপ্রীতির বিষয়টি কাজে লাগিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের নেতৃত্বের সাথে যোগাযোগ করে নিজ ভিত মজবুত করছেন। অনেক নেতাকর্মী আবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক রাজনীতি সাথে সম্পর্ক রাখছেন নিজের প্রভাব প্রতিপত্তি ও নেতৃত্বে সুবিধার জন্য।
শাখা ছাত্রলীগের নতুন কমিটির বিষয়ে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফ হোসেন রিফাত জানান, আমাদের ইচ্ছা ছিলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ছাত্রলীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই গঠন করার। কিছু জটিলতার কারনে সেটা সম্ভব হয় নি। তবে আগামী জানুয়ারীতে প্রতিষ্ঠাবার্ষিকীর পরে কেন্দ্রীয় সভাপতি সম্পাদককে অবগত করে সাংগগঠনিক সফরের পরই কমিটি দেওয়া হবে বলে আশা করছি।
জানা যায়, ২০১৪ সালের ১৬ মে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এস এম শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী যবিপ্রবি ছাত্রলীগের ৫৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সেই এক বছরের কমিটি পাচ বছর পেরিয়ে যাওয়ার পর ২০১৯ সালের ১ নভেম্বর শুক্রবার রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক জরুরী বিবৃতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম নিস্ক্রিয় থাকায় ও কমিটির মেয়াদউত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত ১০ নভেম্বরের মধ্যে আহ্বান করা হয়। জীবনবৃত্তান্ত জমা নেওয়ার ২৫ মাস পেরিয়ে গেলেও এখনও হয়নি কমিটি। ২০১৪ সালে যবিপ্রবি ছাত্রলীগের কমিটি হলেও এর মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব পরিবর্তন হয়েছে চারবার।