
নতুন সূর্য ডেস্ক:
পৌষসংক্রান্তি উপলক্ষে শেরপুর জেলাশহরের নবীনগর গ্রামের ছাওয়াল পীরের দরগাসংলগ্ন বিশাল খোলা মাঠে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় প্রায় দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী পৌষমেলা। নবীনগর এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আয়োজিত এক দিনের এ পৌষমেলায় সাধারণ মানুষের ঢল নেমেছিল।
পৌষমেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী ‘গাঙ্গি’ খেলা (কুস্তি) ছাড়াও ঘোড়দৌড় ও সাইকেল রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম। এ সময় নারী কাউন্সিলর নাজমা বেগম, আওয়ামী লীগ নেতা হাজী দুলাল মিয়া, মুক্তিযোদ্ধা আবু তালেব, মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শেখ মমতাজ প্রমুখ উপস্হিত ছিলেন।
বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ছাড়াও এ পৌষমেলায় বিভিন্ন পিঠা ও বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মজাদার খাবারের দোকান বসেছিল। পাশের পালপাড়া এলাকার মৃৎশিল্পীদের সুনিপুণ হাতে তৈরি বিভিন্ন ধরনের খেলনা ও তৈজসপত্র ছাড়াও মেয়েদের প্রসাধনী ও চুড়ি-মালার দোকানের পসরাও সাজিয়ে বসেছিলেন দোকানিরা।
শিশু-কিশোর ও তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষের উপচেপড়া ভিড়ে পৌষমেলা হয়ে উঠেছিল জমজমাট ও প্রাণবন্ত। রাতে এ উপলক্ষে দরগাহ প্রান্তরে আয়োজন করা হয় বাউল গানের।