
মোর্তজা হাসানঃ
সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কলারোয়া প্রাণী সম্পদ অফিসের (পশু হাসপাতাল) সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে।
আহত যুবকের নাম রায়হান (২০)। সে উপজেলার বাটরা গ্রামের শাহজাহান মুহুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, যশোরমুখি পণ্যবাহী ট্রাকের ডান পাশে সজোরে এসে মেরে দেয় সাতক্ষীরামুখি অতিদ্রুত বেপরোয়া গতিতে আসা ফিজার মোটরসাইকেল আরোহী এক যুবক। সে সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে চলে গেলেও যুবকটি ট্রাকের পিছনের চাকার সামনে আটকে রাস্তায় ঘষতে ঘষতে বেশ কিছু দূর চলে যায়। এতে তার পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে, থেতলে ও কেটে যায়। মারাত্মক আহতাবস্থায় তাকে স্থানীয়রা তাৎক্ষণিক কলারোয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার গাজী আশিক বাহার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুজন কুমার দাস তাকে সাতক্ষীরায় রেফার করেন।
এদিকে, ঘটনাস্থলে তাৎক্ষণিক থানার এএসআই রবিউল ও সেলিম রেজার নেতৃত্বে পুলিশ ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৯৭৬৯) সহ ট্রাকটির ড্রাইভার কলারোয়া পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের মায়েনদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও হেলপার সাতক্ষীরার ঝাউডাঙ্গা গ্রামের আব্দুল মতিন মঈন উদ্দিন (২৩)কে আটক করে।
কলারোয়া থানা ও হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য,ইদানিং উঠতি বয়সের ছেলেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল ড্রাইভ করে বিভিন্ন দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে। যার ফলশ্রুতিতে চরম বিপাকে পড়ে যায় রাস্তায় চলাচলরত পথচারীরাও।এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন কলারোয়ার আপামর জনসাধারণ।