
প্রভাষক আসাদুজ্জামান ফারুকী
সাতক্ষীরার কলারোয়ায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দিয়ে অপরকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন মাদক ব্যবসায়ী তবিবর রহমান নিজেই ।
ঘটনাটি বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার গয়ড়া কলেজ মোড়ে অবস্থিত মিজানুর রহমানের “গনি মিষ্টান্ন ভান্ডারে” এ ঘটনাটি ঘটে। তবিবর রহমান (৪২) গয়ড়া গ্রামের মৃত আব্দুল আজিজ মোড়লের ছেলে।
থানা সূত্রে জানা গেছে লেনদেন সংক্রান্ত সমস্যার জের ধরে গনি মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সাথে তবিবর রহমানের শত্রুতা চলে আসছিল।
উক্ত শত্রুতার জের ধরে তবিবর রহমানের নির্দেশে মামলায় ফাঁসানোর জন্য যশোরের শার্শা থানার কায়বা গ্রামের আজিজুর রহমানের ছেলে সাগর আহমেদ (২১) কে দিয়ে পূর্ব পরিকল্পনার জের ধরে ৪০ পিস ইয়াবা মিষ্টান্ন ভান্ডারে রেখে দিয়ে আসে।
পরে তবিবর রহমান পুলিশকে গোপনে খবর দেয় যে মিজানুর রহমান ইয়াবা ব্যবসায়ী। পরে তার কথামতো কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন মৃধা’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাফিজুর রহমান, এস.আই জসীমউদ্দীন, আবু সাঈদ, আব্দুল বাকি, এ.এস.আই জসিমউদ্দিন, সিরাজুল ইসলাম, মামুনুর রশিদসহ পুলিশের একটি টিম মিজানুর রহমানের মিষ্টান্ন ভান্ডারএ তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা উদ্ধার করেন। তথ্য মাফিক সাগর আহমেদ গ্রেপ্তার হলে একপর্যায়ে এ কাজটি তবিবর ঘটিয়েছে বলে স্বীকার করে। পুলিশ তবিবরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবিবর সবার সামনে স্বীকার করে মিজানুরকে ফাঁসাতেই এ নাটক সাজিয়েছে সে। সে নিজেকে পুলিশের সোর্স বলেও দাবি করে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, তবিবর মিজানুর রহমানকে ফাঁসানোর জন্য সাগর আহমেদকে দিয়ে ইয়াবার মিথ্যা নাটক সাজিয়েছে। বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে প্রতারণা ও মাদক আইনে মামলার প্রস্ততি চলছে।