
স্টাফ রিপোর্টারঃ ১৬ জানুয়ারি ২০২২
জাতীয় সমাজসেবা দিবসে দেশসেরা ইউনিয়ন সমাজকর্মীর স্বীকৃতি পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া সমাজসেবা অধিদপ্তরের মো. শাহাজান আলী। জাগরণী সপ্তাহে প্রায় ৫০ লাখ টাকার ক্ষুদ্রঋণ আদায় ও সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য প্রকল্পগুলো সফলতার সঙ্গে বাস্তবায়ন করা এবং তাঁর ঋণগ্রহীতাদের মধ্যে খেলাপি না থাকায় এ সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
গত রোববার রাতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী মর্যাদা অর্জনকারী শাহাজান আলীকে সংবর্ধনা দেন কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার আমিনুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী শিরিনা খাতুন, হুমায়ুন কবির (সদ্য অবসরপ্রাপ্ত), ফজলুল হক (এলপিআর) প্রমুখ।
সংবর্ধিত শাহজাহান আলী উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, যথাযথ দায়িত্বপালন ও কঠোর পরিশ্রমের জন্য সম্প্রতি দেশের সাড়ে পাঁচ হাজার ইউনিয়ন সমাজকর্মীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ হওয়া সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, জীবনের প্রথম এমন অনুপ্রেরণা কখনোই ভুলাবো না।
সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ বলেন, উপজেলাতে সমাজকর্মী হিসেবে ৭ পদের বিপরীতে দায়িত্ব পালন করছে তিনজন। শাহাজান আলী উপজেলার জালালাবাদ, কয়লা, কেড়াগাছি ও সোনাবাড়িয়া ৪টি ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ কার্যক্রমের দায়িত্ব পালন করেন। ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহে ৪৫ লাখ টাকা ও ডিসেম্বর মাসব্যাপী মোট ৫৩ লাখ টাকা আদায় করেছে। একজনও ঋণখেলাপি নেই।