
নতুন সূর্য ডেস্কঃ
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘সম্প্রতি বিএনপির অপরাজনীতির নিদর্শন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যেটা আমাদের সবাইকে ভীষণভাবে ব্যথিত করেছে। সেটা হলো দেশের টাকা পাচার করে বিদেশে লবিস্ট নিয়োগ করার যে আলামত বেড়িয়ে এসেছে সেটা খুবই নিকৃষ্টমানের রাজনীতি। লবিস্ট নিয়োগসহ দেশের বিরুদ্ধে বিএনপির গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহের শামিল।’
আজ বুধবার ঢাকা মহাখালির আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ মাঠে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ আরও বলেন, ‘প্রথমত দেশের টাকা বিদেশে পাচার করা বেআইনি অপরাধ, তারপর সেই টাকা আবার দেশের বিরুদ্ধে ব্যবহার করা আরও বড় অপরাধ। আমি আশা করেছিলাম তারা রাষ্ট্র-সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য বুঝে। আমি ব্যথিত হলেও বিস্মিত হয়নি, কারণ এটা তাদের পুরনো অভ্যাস। এর আগেও খালেদা জিয়া বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকতে পারে কিন্তু দেশের বিরুদ্ধে তাদের এই গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহীতার শামিল। তাদের দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে।’
এসময় বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘এই করোনার সময় ইতোমধ্যেই প্রমাণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনার উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, পেট ভরে ভাত খাবে, রাতে শান্তিতে ঘুমাবে। কেউ যেন তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে।’
তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি চক্র দেশকে নিয়ে, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে নিয়ে ও এদেশের মানুষকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। মনে রাখবেন কোন ষড়যন্ত্রের কাছে শেখ হাসিনা মাথা নত করে না। কারণ শেখ হাসিনার পাশে আছে বাংলার মা, বাংলার বোন, বাংলার ভাই। জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার যুবসমাজ আজ ঐক্যবদ্ধ।’
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল ও উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।