
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় মানসিক প্রতিবন্ধী ভিক্ষুকের টাকায় ৮ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পোশাক প্রদান করা হয়েছে।
সোমবার(২১ মার্চ) সকাল ১১ টার দিকে কলারোয়া উপজেলার মদনপুর ডিএম অধ্যাপক নাসির উদ্দীন দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের মধ্যে ওই পোশাক বিতরণ করেন মানসিক প্রতিবন্ধী ভিক্ষুক আসাদ শেখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা ওজিয়ার রহমান, সমাজসেবক রুহুল আমিন, মাছুম বিল্লা, আলহাজ্ব আতিয়ার রহমান, আব্দুল লতিফ, মহির উদ্দীন। অনুষ্ঠানে অন্যনোদের মধ্যে উপস্থিত ছিলেন-মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান, শিক্ষক মাওঃ আবদুল্লাহ আল বাকী, মাওঃ ইসমাইল হোসেন, মাওঃ কামরুজ্জামান, ফরিদা পারভীন, অজনা পারভিন, আবুল বাসার, আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম, তৈয়ব আলী, শহিদুল ইসলাম, আসমা খাতুন প্রমুখ।
পোশাক বিতরণকালে প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার মোহাম্মদ শেখের পুত্র প্রতিবন্ধী ভিক্ষুক আসাদ শেখ (৫৫)। এই মানসিক প্রতিবন্ধী ভিক্ষুক আমার বাড়ীতে বিগত ৫বছর যাবৎ থাকেন। তার একান্ত ইচ্ছায় এবং তার ভিক্ষাবৃত্তি করে জমানো টাকায় আজকের এই ছোট্ট অনুষ্ঠান। আমি চাই এই প্রতিবন্ধী ভিক্ষুক তার স্বজনদের কাছে ফিরে যাক। কিন্তু যতটুকু যোগাযোগ করতে পেরেছি তাতে তার স্বজনদের মধ্যে কোনো সাড়া পাইনি।
মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এই দাখিল মাদ্রাসা আজও সরকারের সাহায্যের বাইরে রয়েছে। অনেক অবহেলিত এই প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের জমি আছে কিন্তু বিল্ডিং নাই, শিক্ষকদের বেতন নাই, ছাত্র-ছাত্রী থাকতেও এমপিও হচ্ছে না। আমরা দ্রুত সরকারের সুদৃষ্টি কামনা করছি।