
ইউনুছ অালী,পাইকগাছা প্রতিনিধিঃ
সড়ক দূর্ঘটনায় পা হারানো পাইকগাছার জাফর মোড়লকে (৩৮) চায়ের দোকান দিয়ে স্বাবলম্বী করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
ইতিপূর্বে লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন কৃত্রিম পা দান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন জাফরকে। জাফর মোড়ল পাইকগাছা উপজেলার ০২নং কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের আনসার মোড়লের ছেলে।
জানা যায়, ২০১৯ সালের জানুয়ারী মাসে ইটের ভাটায় যাওয়ার সময় নড়াইল জেলার লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় তার একটি পা পিকআপের চাকায় পিষ্ট হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় কর্তব্যরত ডাক্তার তার ডান পা সম্পূর্ণ কেটে ফেলে।পরবর্তীতে পঙ্গু অবস্থায় ভিক্ষাবৃত্তি শুরু করেন তিনি।
গতবছর আগস্ট মাসে জাফর মোড়ল ০৬ লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিনের কাছে ভিক্ষা চাইতে গেলে তিনি তার কাছে বিস্তারিত জানতে চান। এ সময় সে বলে সংসার চালাতে ভিক্ষাবৃত্তি ছাড়া তার বিকল্প কোন পথ নেই। সব কিছু জানার পর চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন তার একটি কৃত্রিম পা সংযোজনের সিদ্ধান্ত নিয়ে কিছু দিনের মধ্যে জাফরকে সাতক্ষীরার জেলার কালিগন্জ থানার নলতা হাসপাতাল থেকে অর্ধলাখ টাকা ব্যয় করে প্লাস্টিকের একটি কৃত্রিম পা তৈরী করে সংযোজন করে দেয়।
অপর দিকে জীবিকা নির্বাহের জন্য পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করলে তিনি তার কথা শুনে তাকে স্বাবলম্বীর জন্য আগড়ঘাটা বাজারে একটি চায়ের দোকান করে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। আগড়ঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসার চায়ের দোকানের জন্য প্রয়োজনীয় আসবাব পত্র নিয়ে হাজির হন যা অনন্য।
পা হারানো জাফর মোড়ল চায়ের দোকান ও দোকানের আসবাব পত্র, মালামাল পেয়ে ভীষণ খুশি হয়ে দৈনিক নতুন সূর্যকে বলেন, “আমার পরিবার চালানোর জন্য ভিক্ষাবৃত্তি করা লাগবে না। পরিবারের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবো।পৃথিবীতে অনেক ভালো মানুষ রয়েছে তার জন্যই পৃথিবী টিকে আছে। আল্লাহ ইউএনও স্যারের হায়াত বাড়িয়ে দেন এই দোয়া করি।” বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হাসান সিদ্দিকী ও লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিনের।
এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল ইসলাম সিদ্দিকী,কপিলমুনি ইউনিয়ন পরিষদের সদস্য ইজহার আলী ও আলাউদ্দীন গাজী সহ আরো অনেকে।