
তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি
পরিষ্কার-পরিচ্ছন্ন আদর্শ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের সতঃস্ফূর্ত অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলছে তিন দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম। ক্লিন ক্যাম্পেইনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে।
৭ই সেপ্টেম্বর রোজ বুধবার থেকে ৩ দিনব্যাপী ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইন উদ্বোধন সকাল ১১:০০ ঘটিকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক। উপাচার্য বলেন, আমাদের ছোট্ট ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে দেশের অন্য ক্যাম্পাসের জন্য আদর্শ হিসেবে গড়ে তুলব। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার ড. কামালউদ্দীন আহমদ,ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ক্যাম্পেইনটি ৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৮ ও ১৯ সেপ্টেম্বর।
পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে প্রায় ১৫০ জন শিক্ষার্থী ভল্যেন্টিয়ার হিসেবে কাজ করার জন্য আবেদন করে। এর মধ্যে হতে নির্বাচিত ভল্যেন্টিয়ার মাঝে মাস্ক, গ্লাভস এবং পরিচ্ছন্নতার উপকরণ বিতরণ করা হয় এবং শিক্ষার্থীরাও উৎফুল্লতার সাথে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে এবং ক্যাম্পাস ও আশে পাশের জায়গা পরিষ্কার করে।
ক্যাম্পেইনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আকরাম বলেন, ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ক্যাম্পাস পরিষ্কার কার্যক্রমে সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং সফলভাবে পালন করেছি। একই বিভাগের শিক্ষার্থী দোলন বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের লেখাপড়ার প্রতি মনোযোগ বৃদ্ধির সহায়ক হবে।
ক্যাম্পেইনে দায়িত্বরত রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ জে সালেহ আহাম্মদ বলেন, আমরা যখন বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভিজিট করেছি তখন সেখানকার শিক্ষার্থীদের মাঝে আত্মপরিচ্ছন্নতার ব্যাপারে অনেক সচেতনতা দেখেছি যা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব কম দেখা যায়। তাই ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইনের মত কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে চাই এবং আমাদের ক্যাম্পাসকে আন্তার্জাতিক মানের ক্যাম্পাসে পরিণত করতে চাই।