যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উপাচার্যের মতবিনিময় সভায় ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের সাথে ছাত্রদল পন্থি শিক্ষার্থীদের তুমুল বাকবিতন্ডা হয়েছে। একপর্যায়ে মতবিনিময় সভা পণ্ড হয়ে যায়, সমাধান না হওয়ায় স্থান ত্যাগ করেন যবিপ্রবি উপাচার্য।
১৮ এপ্রিল (শনিবার) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারীতে শিক্ষার্থীদের সাথে নতুন উপাচার্যের মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ছাত্ররাজনীতি চালুর দাবি জানায় ছাত্রদলপন্থী একদল শিক্ষার্থী। অপরদিকে শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ চায় পূর্বে যেমন ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিলো তেমনই থাকবে। এ নিয়ে বাকবিতন্ডায় জড়ায় উভয়পক্ষ। একপর্যায়ে মতবিনিময় সভা পণ্ড হলে ঘটনাস্থল ত্যাগ করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
পরবর্তীতে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা। এসময় তাঁরা ‘ভিসি স্যারের অপমান সইবো না, মববাজি চলবে’ বলে নানান স্লোগান দিতে থাকে। এদিকে শিক্ষার্থীদের অপরাংশও প্রশাসনিক ভবনে অবস্থান নিয়েছে। এনিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যবিপ্রবিতে।
