
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি দোকান ও একটি মালের গোডাউন পুড়ে গেছে।
রবিবার (২অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে কলারোয়া বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ের পাশেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মিনারুল কসমেটিক্স এন্ড ষ্টেশনারী, লেডিস কালেকশন ও আল-আমিন কসমেটিক্স নামক পাশাপাশি তিনটি দোকান ও তার পিছনে থাকা একটি জুতার গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন আগ্রাসী রূপ ধারণ করার পূর্বে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে মিনারুল কসমেটিক্স এন্ড ষ্টেশনারী থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দোকানটি বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর ব্যবস্থা করা যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। বন্ধ থাকার ফলে মিনারুল কসমেটিক্স এন্ড স্টেশনারী সম্পূর্ণভাবে ভস্মিভূত এবং পাশের দুটি দোকান ও তার পিছনের গোডাউনে থাকা মালামাল কমবেশি পুড়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫-২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
ঘটনার খবর পেয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) রুলী বিশ্বাস এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় ইউএনও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সহায়তার আশ্বাস দেন।