
আলামিন ইসলাম, কয়রা, খুলনা প্রতিনিধি:-
খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের নারাণপুর মধ্যপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য এস এম বনিউল ইসলাম বনির মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির সাদা ও চিংড়ি মাছ নিধন ও আগুন দিয়ে ঘেরে বাসা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার দিবাগত (২৫ ডিসেম্বর) ভোর রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক ইউপি সদস্য বনির পরিবার । এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সকালে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।
ঘের মালিক ইউপি সদস্য বনির সহধর্মীণি শাহানাজ পারভীন শিরিন বলেন, আমার স্বামী বা পুরুষেরা কেউ বাড়িতে নেই প্রতিপক্ষের লোকেরা রাতের আঁধারে আমাদের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে ও ঘেরে বাসায় আগুন দিয়ে পুড়িয়ে ২ টা মটর ও একটি স্যালো মেশিন পুড়িয়ে দিয়েছে এতে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইউপি সদস্য বনি জানান,‘পূর্ব শত্রুতার জের ধরে আমাদের প্রতিপক্ষ মঞ্জুরুল ইসলাম ও আসাফুর গং রা আমার ঘেরে বিষ প্রয়োগ করেছে। তারা গত শনিবার আমার বাড়িতে এসে হুমকি ও বাড়ির জমির দখল করতে আসে পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ আসলে তারা চলে যায়। এরা আমার অর্থনৈতিক ভাবে ও ক্ষতি করতে পরিকল্পিত ভাবে আমার ঘেরে বিষ ও আগুন দেয়। এ ঘটনায় কয়রা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে প্রতিপক্ষ মঞ্জুরুল ইসলাম সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপি সদস্যের সাথে আমার কোন শত্রুতা নেই তিনি সাম্প্রতিক মসজিদ কমিটির নির্বাচনে হেরে সাধারন মানুষকে মারধর করে হসপিটালে পাঠিয়েছে পরে মামলা ও হয়। চলমান শত্রুতায় আমাদের জব্দ করতে নিজেরাই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে আমাদের ওপর দোষ দিচ্ছে।
কয়রা থানার ওসি (তদন্ত) ইব্রাহীম আলী বলেন, ঘটনা স্থান পরিদর্শন করেছি অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা নেয়া হবে।