
তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি:
পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ব্যবহারকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটির ওয়েবসাইটে গিয়ে হ্যাকারের ঝুলিয়ে দেওয়া নোটিশ দেখতে পান।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নোটিশের স্ক্রিনশট অনেক শিক্ষার্থী শেয়ার করেন। সেখানে বড় করে লেখা ছিল ‘হ্যাকড বাই হান্টার বাজয়া।’ পাকিস্তান জিন্দাবাদ।’ নোটিশে আরো লেখা ছিল, ‘পাকিস্তান জিন্দাবাদ, টিম ব্যাকলেটস! সিকিউরিটি ইস জাস্ট এ ফ্যান্টাসি!’
হ্যাকিংয়ের পর অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইট পুনরুদ্ধারে কাজ শুরু করেছে। আশাকরি আমরা খুব শীঘ্রই পুনরুদ্ধার করতে পারব।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যায় হ্যাকারদের দেয়া নোটিশটি সরিয়ে ফেলা হয়েছে। কলেজ সংশ্লিষ্ট নিয়মিত নোটিশগুলো সেখানে দেখা যাচ্ছে।