
নতুন সূর্য ডেস্কঃ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে প্রথমবার অংশ গ্রহণ করে বাজিমাত করেছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. সাইফুল ইসলাম। নির্বাচনে সালাহ উদ্দিন বিরোধী প্যানেল থেকে নির্বাচন করেও সদস্য পদে জয়লাভ করেন খুলনার এই ক্রীড়া সংগঠক। জয়ের পরে খুলনায় ফিরে এখন শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি। এরই মাঝে প্রতিশ্র“তি দিয়েছেন নির্বাচনে তার সব এজেন্ডা বাস্তবায়নের। খুলনায় নিয়মিত লিগ আয়োজন, খুলনায় বড় পরিসরে আন্তর্জাতিক পরিসরের ফুটবল টুর্নামেন্ট আয়োজন, স্কুল ফুটবল, বয়স ভিত্তিক ফুটবল ও ক্যাম্প করারও কথা জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার এসব কথা বলেন তিনি।
সময়ের প্রয়োজনেই তিনি বাফুফে নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানান। দীর্ঘদিন ধরে খুলনার ফুটবল সংগঠক হিসেবে তার অভিজ্ঞতাকে এবার দেশের ফুটবলে কাজে লাগানোর তাগিদ থেকেই বাফুফে নির্বাচনে তার প্রাথী হওয়া।
তিনি বলেন, দেশ অর্থনৈতিকভাবে দারুণভাবে এগিয়ে যাচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে, কিন্তু উল্টো চিত্র দেশের ফুটবল। র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়তে পড়তে আমরা এখন ১৮৭ তে, যেটি খুবই দুঃখজনক ঘটনা। দীর্ঘদিন ধরে আমি ফুটবল সংগঠক হিসেবে কাজ করছি, আমার টিম খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন, ডিএফএ কাপেও চ্যাম্পিয়ন তাই আমি মনে করছি এবার আমার অভিজ্ঞতাকে দেশের ফুটবল উন্নয়ন কাজে লাগাতে চাই। সারা বাংলাদেশে তৃনমূল পর্যায়ে ফুটবলের উন্নতি না হলে শুধু ঢাকা পেশাদার ফুটবল হলেই কিন্তু ফুটবলের উন্নয়ন হবে না। তাই তৃনমূল পর্যায়ে ফুটবলের উন্নতির দিকে তাকাতে হলে আমিসহ যারা জেলা পর্যায় থেকে প্রতিনিধি হয়েছে তাদেরই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। ভোটাররা আমাকে নির্বাচিত করেছে, আমি এখন সেই কাজ করতে চাই। আগামী চার বছর যেন কেউ বলতে না পারে, এড. সাইফুল তার ভোটের অমার্যাদা করেছে।