
নতুন সূর্য ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ঢুকে হঠাৎ করে বিশেষ মোনাজাত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টদের দাবি, মানসিক অস্থিরতায় ভুগছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

ঢাবির এক কর্মকর্তা বলেন, সপ্তাহখানেক আগে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তার মৃত্যু হয়। তার জানাজায় অংশ নেননি উপাচার্য। এর প্রতিবাদে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে ভিসির বাসভবনে ঢোকেন তারা। এরপর মোনাজাত করে বের হয়ে যান।
আরেক কর্মকর্তা বলেন, বাহালুল স্যার হঠাৎ আমাদের সবাইকে জরুরিভাবে ডেকে উপাচার্য স্যারের বাসভবনে নিয়ে যান। সেখানে কোনকিছু না বলে আকাশের দিকে হাত তুলে মোনাজাত ধরেন। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি।
এ বিষয়ে জানতে বাহালুল হক চৌধুরীকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, তিনি (বাহালুল) মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন, কী করবে বুঝে উঠতে পারছে না। আমি তার পরিবারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছি, তারাও বিষয়টি আমাকে জানিয়েছেন। কী করা যায় সেটা নিয়ে ভাবছি।
এ ঘটনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন উপাচার্য।