
মো: ইমরান শেখ: চুকনগর, খুলনা:
চালকদের প্রতিযোগিতামূলক মনোভাব ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক নিয়োগ, বিধি লঙ্ঘন করে ওভার লোডিং ও ওভার টেকিং, স্প্রিড ব্রেকার না থাকা, ট্রাফিক আইন অমান্য, ইঞ্জিন চালিত ক্ষুদ্রযানে যাত্রি ও পণ্য পরিবহন, সড়কের অব্যবস্থাপনাসহ পথচারিদের অসতর্কতায় প্রতিনিয়ত বেড়ে চলেছে রোড এক্সিডেন্ট। যা দিন দিন দুঃখজনক ও হতাশাব্যঞ্জক হয়ে উঠেছে।
গত ৮ অক্টোবর ডুমুরিয়ায় বাস- মাহেন্দ্র সংঘর্ষে ৫ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রোড এক্সিডেন্ট রোধকল্পে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা মাফিক পদক্ষেপ গ্রহণ করেছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বয়ে সোমবার এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহনাজ বেগম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডা.সঞ্জিব দাস, নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ,খুলনা মোঃ আনিসুজ্জামান, খর্ণিয়া হাইওয়ে পুলিশের ওসি রেজাউল করিম, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সাবরুজ্জামান, ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আকতার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহামুদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, থানা পুলিশের প্রতিনিধি এস,আই আইয়ুব হোসেন, নিসচা প্রতিনিধি মহিদুল ইসলাম ও মাসুম গাজী প্রমূখ।
সভায় আলোচকবৃন্দ বলেন, রাস্তার গুরুত্বপূর্ণস্থানে স্প্রিড ব্রেকার না থাকা, হেলপার কর্তৃক ড্রাইভিং, টাইম কভার করতে দ্রুত গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি,অবৈধ ভাবে রাস্তা ও ফুটপথ দখল করায় সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিই রোড এক্সিডেন্টের অন্যতম কারণ।
সড়কে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়, রাস্তার বাঁকে সাইনবোর্ড ও জায়গা বৃদ্ধিকরণ, গাছের ডাল কাটা, গাড়ির গতি কমানো, চালকদের প্রশিক্ষণ, সাইড রোড থেকে মেইন উঠার সময়ে স্প্রিড ব্রেকার নির্মাণ করার সিদ্ধান্ত সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহনাজ বেগম বলেন; সড়ক দুর্ঘটনারোধে উপজেলা প্রশাসনের মাধ্যমে রেজিষ্ট্রেশনবিহীন ও ফিটনেসবিহীন গাড়ী, অতিরিক্ত বোঝাই, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। রোডস্ এন্ড হাইওয়ের সহযোগিতায় রাস্তার কিছু গাছের ডালপালা কেটে রাস্তা দৃশ্যমান করার কাজ শুরু করা হয়েছে।