
নতুন সূর্য ডেস্কঃ
বৃহস্পতিবার ভোররাতে খলসি গ্রামের শাহজাহান আলীর ছেলে মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিমকে (৬) ঘরের মধ্যে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ছয় মাস বয়সী অপর শিশু মারিয়াকে মায়ের লাশের পাশে রেখে যায় হত্যাকারীরা। দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারে জীবিত থাকা শিশু মারিয়ার সার্বিক দায়িত্ব দেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
নিহতের ছোট ভাই রায়হাদুল ইসলাম দাবি করেছেন, বড় ভাই শাহিনুর রহমান ৭-৮ বিঘা জমিতে পাঙাস মাছ চাষ করতেন। ২২ বছর ধরে তাদের পারিবারিক সাড়ে ১৬ শতক জমি নিয়ে প্রতিবেশী ওয়াজেদ কারিগরের ছেলে আকবরের সঙ্গে বিরোধ চলছিল। এই মামলা ও পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, পারিবারিক বিরোধ ও শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। ঘটনার মোটিভ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।