
মোস্তফা হোসেন বাবলু ও মোঃ তরিকুল ইসলাম:
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।আটক ফারুক হোসেন(৪২) সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামের মৃত: কেতাব আলী ছেলে।
জানা গেছে, কাঁকডাঙ্গা বিওপি’র বিজিবি সদস্যরা সীমান্তে অভিযানকালে শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাকডাঙ্গা বিওপি-এর এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা নামক পাকা সড়ক থেকে ফারুক হোসেনকে ৬টি সোনার বারসহ আটক করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-পিএসসিজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি এর এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অবস্থান করে। এ সময় আভিযানিক দল দুপুর ১২টার দিকে উক্ত এলাকা দিয়ে ভ্যানযোগে গমনকালীন সময়ে ফারুক হোসেন (৪২)কে আটক করে। পরবর্তীতে আভিযানিক দল আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ০৬ পিস স্বর্ণেরবার উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ৫৭ লাখ ৭৩ হাজার ৭৪৩ টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করে আটককৃতকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বারগুলি সাতক্ষীরা ট্রেজারীতে জমা রাখা বলে জানা যায়।