তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল ১০ টার সময়ে পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রূপান্তরের সহযোগিতায় এবং ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে আয়োজিত র্যালিটি সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। এ সময় তিনি পরিবেশ সুরক্ষায় ব্যক্তি ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন রূপান্তরের মনিটরিং অফিসার দীপ সাহা ও প্রজেক্ট অফিসার অনুপ রায়।
র্যালিটি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সদস্যসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
